ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন
- আপডেট সময় : ০৮:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 253
ভারতীয় রুপি তার সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে। মার্কিন ডলারের বিপরীতে সোমবার (১১ নভেম্বর) রুপির মান আরও ১ পয়সা কমে গিয়ে প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৪.৩৮ রুপিতে দাঁড়িয়েছে। এটি ভারতীয় রুপির ইতিহাসে ডলারের বিপরীতে সর্বনিম্ন বিনিময় হার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, বার্তাসংস্থা পিটিআই-এর বরাত দিয়ে জানায়, গত শুক্রবারও রুপির মান ৫ পয়সা কমে গিয়ে প্রতি ডলার ৮৪.৩৭ রুপিতে লেনদেন হয়, যা তখনকার সর্বনিম্ন ছিল। তবে সোমবার বাজার খোলার পর আরও ১ পয়সা কমে বর্তমান সর্বনিম্ন ৮৪.৩৮ রুপিতে পৌঁছেছে রুপির বিনিময় হার।
ফরেক্স বিশ্লেষকরা বলছেন, ডলারের চাহিদা বৃদ্ধি বা বিদেশি তহবিলের আগমন হ্রাসের প্রভাব না কমলে রুপির ওপর আরও চাপ অব্যাহত থাকতে পারে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপির পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে ২,৬০০ কোটি ডলার বিক্রি করেছে। তবে এতে রুপির মানের পতন রোধ করা সম্ভব হয়নি। গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে আরবিআই এই ডলার বিক্রির কার্যক্রম শুরু করে, যা বর্তমানে অব্যাহত রয়েছে।
বিশ্ববাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। এর ফলে ডলারের মান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব ভারতীয় রুপির ওপরও পড়ছে।






















