ফরিদপুরে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 9
‘একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে (২য় তলা) এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুর-এর অধ্যক্ষ জনাব খোন্দকার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় অফিসার জনাব সৈয়দ জসীম উদ্দিন, ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার জনাব আফজাল হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং শাহ্ ফরিদ রিয়েল এস্টেট কোং-এর ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের প্রাক্তন সভাপতি জনাব মোঃ ওমর আলী খান।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভাটি সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি জনাব আবদুর রহমান লাল্টু।
সমবায়ীদের মধ্যসমবায়ীদের মধ্য থেকে যারা বক্তব্য রাখেন তার মধ্যে অন্যতম কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সুরভী বহুমূখী সমবায় সমিতির লিঃ এর সভাপতি আফরোজা ইয়াসমিন।
বক্তারা সমবায়ের গুরুত্ব এবং এটি কীভাবে একটি শান্তিময় বিশ্ব গঠনে অবদান রাখতে পারে তার ওপর আলোকপাত করেন। প্রধান অতিথি জনাব খোন্দকার মনিরুল ইসলাম বলেন, “সমবায় একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক মডেল, যা দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শান্তিময় বিশ্বের জন্য আমাদের সমবায়ের চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।”
অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনের ইতিহাস, এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব এবং সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি কনফারেন্স রুম থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সবশেষে, সভাপতির বক্তব্যে জনাব আবদুর রহমান লাল্টু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।















