নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 169
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আসছে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখবেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সফরকালীন সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।
তৌহিদ হোসেন জানান, সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষা, গত এক বছরে বাংলাদেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।
জাতিসংঘে বাংলাদেশের এই অংশগ্রহণকে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।



























