দক্ষিণাঞ্চলে ঝোড়ো হাওয়া, উত্তরেও বৃষ্টির প্রবণতা বাড়ছে
গভীর নিম্নচাপে সারা দেশে বৃষ্টি, ৭ জেলায় বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 135
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আজ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হলেও শুক্রবার থেকে উত্তরাঞ্চলেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
বিশেষ করে উপকূলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটির অবস্থান বর্তমানে ভারতের ওড়িশা উপকূলের কাছে। তবে এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নদীর পানি বৃদ্ধিতে ৭ জেলায় বন্যার শঙ্কা
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি সমতল বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ফেনী, চট্টগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার অব্যাহত রয়েছে।
ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।























