দিনাজপুর বোর্ডে ৪৩ কলেজে শূন্য পাস, ইংরেজিতে সর্বাধিক অকৃতকার্য
- আপডেট সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 158
দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় চরম হতাশার চিত্র দেখা গেছে। বোর্ডের অধীনে ৪৩টি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ২০টি, যা থেকে বোঝা যায় ফলাফল আরও খারাপ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবার ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৮৮২ জন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।
চেয়ারম্যান জানান, ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ, যেখানে ছেলেদের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় আগামীতে বিষয়ভিত্তিক শিক্ষক বৈঠক ডেকে ফলাফল উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি এবং শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা মাত্র ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৫২৬ জন; পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।
মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জনের মধ্যে পাস করেছেন ৩৮ হাজার ২৪১ জন; পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১১৫ জন; পাসের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ বোর্ডের কর্মকর্তারা।



















