বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, বাড়ানো হলো হুঁশিয়ারি সংকেত
- আপডেট সময় : ০৯:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 131
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে রূপ নিয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব এলাকায় অবস্থান করছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘মন্থা’ সম্পর্কে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘণীভূত হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রটি সকাল ৩টার সময় চট্টগ্রাম থেকে প্রায় ১,৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১,২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়াবিদদের ধারণা, এটি আগামীকাল (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সাগর অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে না যেতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।



























