বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 120
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকার বাসিন্দা। বুধবার (২৯ অক্টোবর) সকালে ওই গ্রামেই বালিয়াডাঙ্গী থানার পুলিশ বিশেষ অভিযানে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়। এ সময় সুজন আলীর কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুজন আলী ওই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “মাদক সমাজের ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সুজন আলীকে বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




























