জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আহ্বান মামুনুল হকের
- আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 70
খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
মঙ্গলবার বিকেলে নেত্রকোণার মদন উপজেলার পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, “জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দাবি জানাচ্ছি, আগামী বাংলাদেশে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। এজন্য জাতির মতামত জানতে গণভোট আয়োজন করা উচিত।”
বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে ভিন্নধর্মী একটি নির্বাচন। গত ১৫ বছরে তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। বহু আসনে বিনা ভোটে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, যা জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছে।”
তিনি বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু সংঘাত নয়।”
এ সময় তিনি খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান এবং নেত্রকোণার তিনটি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নেত্রকোণা-২ আসনে (সদর ও বারহাট্টা) মাওলানা দেলোয়ার হোসেন,
নেত্রকোণা-৩ আসনে (কেন্দুয়া ও আটপাড়া) মাওলানা হাফিজুর রহমান
এবং নেত্রকোণা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।























