হাসিনার বিচারে কোনো প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 116
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে কোনো কর্মসূচিই প্রভাব ফেলতে পারবে না। তিনি বলেন, “আমরা অঙ্গীকার করেছি—বাংলাদেশে অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে ন্যায় ও সঠিক প্রক্রিয়ায়।”
বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই মামলা এখন রায়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা ও প্রজ্ঞা প্রয়োগ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, “জাতির বিচারের প্রতি যে আকাঙ্ক্ষা ও তৃষ্ণা, আদালত সেটির প্রতিই সুবিচার করবেন বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করছি, রায়টি হবে এমন একটি দৃষ্টান্ত যা ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, মামলাটির চূড়ান্ত পর্বে আসতে প্রসিকিউশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, ভুক্তভোগী এবং সমগ্র জাতির সহযোগিতা ছিল অপরিসীম। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাজুল ইসলাম শেষ করেন এই প্রত্যাশা ব্যক্ত করে, “আদালত একটি সঠিক ও ঐতিহাসিক রায় প্রদান করবেন, যা বাংলাদেশের বিচার ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের অবসান ঘটাবে এবং ভবিষ্যতের জন্য হবে এক অবিস্মরণীয় নজির।”















