হরমুজে বাধা: ফিরছে বাংলার জয়যাত্রা
- আপডেট সময় : ০৬:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 40
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর অবশেষে যাত্রা শুরু করেও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। গত বুধবার যুদ্ধবিরতির পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিলেও শুক্রবার সকালে জাহাজটিকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি ইরান সরকার। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারি নিয়ম মেনেই পারাপারের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে। তবে কূটনৈতিক পর্যায়ে এখনো আলোচনা চলছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং নিরাপত্তার খাতিরে সেটিকে শারজাহতে সরিয়ে নেওয়া হচ্ছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ রয়েছে এবং মনোবল চাঙ্গা রাখতে দৈনিক খাবার বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। এ ছাড়া তাদের বিশেষ ‘ওয়ার অ্যালাউন্স’ও প্রদান করা হচ্ছে। জাহাজে পানি শোধনের ব্যবস্থা থাকলেও জ্বালানি সাশ্রয়ে পানির ব্যবহারে রেশনিং করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ পণ্য খালাসের পর জাহাজটির কুয়েত যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি।




















