ওয়াশিংটনের আহ্বানে লন্ডনের ‘না’
- আপডেট সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 21
হরমুজ প্রণালিতে সম্ভাব্য অবরোধ কিংবা কড়াকড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কোনো উদ্যোগে শামিল হচ্ছে না যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের নেতৃত্বাধীন কোনো জোটে অংশ নেওয়ার পরিকল্পনা আপাতত লন্ডনের নেই।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এক মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের টোল বা মাশুল আরোপের ঘোর বিরোধী তারা। বরং নৌ চলাচলের সার্বজনীন স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ওয়েস্টমিনস্টার নিজস্ব কৌশলে একটি স্বতন্ত্র আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
লন্ডনের মতে, বৈশ্বিক অর্থনীতি সচল রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর সে কারণেই হরমুজ প্রণালিকে সম্পূর্ণ উন্মুক্ত রাখা প্রয়োজন। কোনো একক দেশের প্রভাব বা বাধার কারণে এই রুটটি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব সরাসরি বিশ্ববাজারে পড়বে।
মুখপাত্র আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালিতে অবাধ যাতায়াত নিশ্চিত করতে তারা ফ্রান্সসহ অন্যান্য শক্তিশালী অংশীদারদের সাথে যোগাযোগ রাখছেন। একটি কার্যকর ও বিস্তৃত জোট গঠনের মাধ্যমে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন যুক্তরাজ্যের প্রধান লক্ষ্য। জ্বালানি পরিবহনের এই লাইফলাইন ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ব্রিটেনের এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।


























