জানজানে বিষাক্ত মাইনের মরণকামড়: প্রাণ গেল ১৪ সেনার
- আপডেট সময় : ০৬:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 14
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ইসলামি রেভলুশনারি গার্ড কোর বা আইআরজিসির ১৪ জন সদস্য। শুক্রবার (১ মার্চ) পরিত্যক্ত এবং অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার এক বিপজ্জনক অভিযানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সামরিক সূত্র ও দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরেই জানজান প্রদেশের প্রায় ১,২০০ হেক্টর কৃষিজমি শত্রুপক্ষের নিক্ষিপ্ত ক্লাস্টার বোমা ও আকাশপথে ছড়ানো মাইনের কারণে বিপজ্জনক হয়ে ছিল। আইআরজিসির বিশেষজ্ঞরা ওই এলাকাটিকে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করতে নিরলস কাজ করে যাচ্ছিলেন। জানা গেছে, এখন পর্যন্ত এলাকাটি থেকে ১৫ হাজারেরও বেশি প্রাণঘাতী বিস্ফোরক সফলভাবে উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে।
দুর্ভাগ্যবশত, শুক্রবারের নিয়মিত অভিযান চলাকালে একটি শক্তিশালী বিস্ফোরক আকস্মিক ফেটে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন বিশেষজ্ঞ সৈন্য নিহত হন এবং গুরুতর আহত হন আরও ২ জন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ওপর নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এই ধরনের যুদ্ধাস্ত্র আকাশে ফেটে শত শত ক্ষুদ্র বোমা ছড়িয়ে দেয়, যা বছরের পর বছর মাটির নিচে অবিস্ফোরিত অবস্থায় থেকে মরণফাঁদে পরিণত হয়। উদ্বেগের বিষয় হলো, ইরান, ইসরাইল বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই এখন পর্যন্ত ২০০৮ সালের আন্তর্জাতিক ক্লাস্টার যুদ্ধাস্ত্র কনভেনশনে (সিসিএম) স্বাক্ষর করেনি।
















