মিরপুরে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 4
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আজকের এই লড়াইটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
এর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পাওয়া লিটন দাসের দল আজ টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরতে মরিয়া। কিউইদের বিপক্ষে একই সফরে একাধিক সিরিজ জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। আজ জয় পেলে সেই অধরা ইতিহাস ধরা দেবে মিরপুরের মাটিতে। ওয়ানডেতে ২-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজ জয় হবে দেশের ক্রিকেটে এক বড় প্রাপ্তি।
এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। গত বছরের ডিসেম্বরের পর আজই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
টাইগারদের এই তারুণ্যনির্ভর একাদশ নিয়ে আশাবাদী সমর্থকরা। লিটন দাস ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটির পর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দেশবাসী। বল হাতে সাইফুদ্দিন, শরীফুল ও রিশাদ হোসেনের দিকে তাকিয়ে থাকবে পুরো মিরপুর।


















