’দেবদূত’ মোদির আসল রূপ ফাঁস করলেন ট্রাম্প!
- আপডেট সময় : ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 4
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাইরে থেকে শান্ত ও ভদ্র দেখালেও ভেতরে তিনি সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, দেখতে দেবদূতের মতো হলেও মোদি আসলে একজন ‘টোটাল কিলার’। তবে ট্রাম্প এই শব্দটি নেতিবাচক অর্থে নয়, বরং মোদির কঠোর নেতৃত্ব এবং অসাধারণ দরকষাকষির দক্ষতার প্রশংসা করতেই ব্যবহার করেছেন।
ফ্রান্সের এভিয়ানে আয়োজিত জি-৭ সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে নরেন্দ্র মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।
বৈঠকে ট্রাম্প রসিকতার ছলে বলেন, মোদির চেহারা অত্যন্ত চমৎকার এবং তাকে দেখলে মনে হয় খুবই শান্ত একজন মানুষ। কিন্তু কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর। ট্রাম্পের মতে, মোদির এই শান্ত রূপ মানুষকে চমকে দেয় এবং এমন ব্যক্তিত্বের মানুষ সত্যিই বিরল।
মার্কিন প্রেসিডেন্ট ভারতকে আশ্বস্ত করে বলেন, তার মেয়াদকালে হোয়াইট হাউসে ভারত সবসময় একজন সত্যিকারের বন্ধু পাবে। মোদির নেতৃত্বের প্রশংসা করে তিনি তাকে ‘ভদ্র কিন্তু কঠোর’ একজন দক্ষ নেতা হিসেবে অবিহিত করেন। একই সাথে হিউস্টনের ঐতিহাসিক ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের স্মৃতি চারণ করে ট্রাম্প ভবিষ্যতে আবারও ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেন।
বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক অংশীদারিত্ব চলছে। মার্কিন মুলুকে ভারতের বিনিয়োগের প্রশংসা করে তিনি মোদিকে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, নরেন্দ্র মোদিও পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। মোদি বলেন, এই উদ্যোগের ফলে বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক শান্তির নতুন পথ উন্মোচিত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।















