ইরানে ইসরাইলের অভিযানের সমাপ্তি ঘোষণা: কী বলল তেল আবিব?
- আপডেট সময় : ০২:১৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 223
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) টাইমস অব ইসরাইল এ খবরটি প্রকাশ করেছে।
আইডিএফ মুখপাত্র ভিডিও বিবৃতিতে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিশোধমূলক হামলা আমরা সফলভাবে শেষ করেছি। আমাদের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।” তিনি আরও জানান, “ইসরাইল ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে, যা তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় কার্যকর হয়েছে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তার মিশন সফলভাবে সম্পন্ন করেছে।”
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া জানাবে। আইডিএফ মুখপাত্র হাগারি এ বিষয়ে সতর্কতা জানিয়ে বলেন, “ইরান যদি আবারও নতুন হামলার সিদ্ধান্ত নেয়, ইসরাইল পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “যারা ইসরাইলকে হুমকি দেয় এবং অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি করতে চায়, তাদের জন্য কঠিন মূল্য অপেক্ষা করছে। আমরা আজ প্রমাণ করেছি, ইসরাইলের প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য আমাদের প্রস্তুতি ও সামর্থ্য উভয়ই যথেষ্ট শক্তিশালী।”
















