অস্ট্রেলিয়ার মন্ত্রীর মন্তব্য: রোহিঙ্গা সংকটের সমাধান স্বদেশ প্রত্যাবর্তনে
- আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 224
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেছেন, “রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদে ফিরে যাওয়াই এই সংকটের একমাত্র সমাধান। সমাধান না হলে এটি বৃহত্তর অঞ্চলসহ বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে।” গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলীয় সংসদের নেতা টনি বার্ক ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার নৈতিক ও বস্তুগত সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও, বাংলাদেশের তরুণ প্রজন্মের আকাঙ্খা পূরণে বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রী টনি বার্ক বাংলাদেশি সম্প্রদায় ও ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের প্রতি তার সমর্থনের কথা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কার্যকর সংস্কারের মাধ্যমে অতীতের ভুল সংশোধন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় তার আস্থা রয়েছে।
টনি বার্ক নিয়মিত অভিবাসন উৎসাহিত করার পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার আউটসোর্সিং সেক্টরে বাংলাদেশি আইটি বিশেষজ্ঞদের সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা টনি বার্ককে ধন্যবাদ জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও অস্ট্রেলিয়ার শিক্ষায় বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণ বাড়াতে কাজ করতে আগ্রহী।















