নির্বাচন কমিশনের মার্কা নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
আগামীর নির্বাচনে শাপলা নিয়েই ভোটযুদ্ধ: এনসিপি নেতা সারজিস আলমের স্পষ্ট ঘোষণা
- আপডেট সময় : ১১:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 174
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর নির্বাচনে আমরা “শাপলা” প্রতীক নিয়েই অংশগ্রহণ করবো। তিনি বলেন, “আইনগত কোনো বাধা না থাকায় শাপলা আমাদের একমাত্র প্রতীক। সাদা বা লাল শাপলার যেটিই দেওয়া হয়, আমাদের আপত্তি থাকবে না।”
রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম নির্বাচন কমিশনের প্রতীক নির্বাচনের সমালোচনা করে বলেন, “যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো নির্বাচন কমিশনের তালিকায় কেন থাকবে? এটা তাদের রুচিবোধের প্রশ্ন। মার্কার মধ্যে মুলা, বেগুন, খাট বা থালা-বাটি রাখার কোনো যৌক্তিকতা নেই। দেশে কি মার্কার অভাব পড়েছে? কমিশনের উচিত এসব বিষয়ে সচেতন হওয়া।”
তিনি অভিযোগ করেন, “আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে এবং কারো প্রভাবে পরিচালিত হচ্ছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে রাজনৈতিকভাবেই তাদের মোকাবিলা করবো।”
ভারতের সঙ্গে সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, “ভারত মহানন্দা নদীর উজানে হঠাৎ করে নয়টি স্লুইচ গেট খুলে দেওয়ায় বাংলাবান্ধার একটি গ্রাম ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মন চাইলেই পানি আটকে রাখা বা ছেড়ে দেওয়া কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।”
তিনি আরও বলেন, “ভারতের আচরণে বাংলাদেশে এন্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ভালো নয়। মনে রাখতে হবে, সব দিন ভারতের নয়—বাংলাদেশেরও দিন আসবে। আমরা পারস্পরিক সম্মান এবং সমতার সম্পর্ক আশা করি।”
এ সময় তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে বলেন, “ভারত যতদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দেবে, ততদিন তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে না।”

























