ইরান-রাশিয়ার যৌথ নৌমহড়া: ইসরায়েলের প্রতি শক্তিশালী বার্তা
- আপডেট সময় : ০৫:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 328
ইরান আবারও নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে যুদ্ধের ঘণ্টা বাজিয়েছে। ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে উঠেছে, তেলআবিব যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। এবার নৌমহড়ার মাধ্যমে তেহরান সমুদ্রপথে তাদের সামরিক শক্তি প্রদর্শন করে ইসরায়েলকে সতর্ক বার্তা দিচ্ছে।
এই নাজুক সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। শনিবার ভারত মহাসাগরে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় রাশিয়া তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশগ্রহণ করেছে। এ মহড়ায় ইরান ও রাশিয়ার পাশাপাশি ওমানও অংশ নিয়েছে। এছাড়া আরও ৯টি দেশ পর্যবেক্ষক হিসেবে এ মহড়ায় রয়েছে, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে।
এই নৌমহড়ার নাম দেওয়া হয়েছে “আইম্যাক্স-২০২৪”। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হলো এই অঞ্চলের সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা, বহুপাক্ষিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত করা এবং শান্তি, বন্ধুত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় ইচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।
মহড়াটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে থাকায় ইরানও তাদের সম্পর্ক রাশিয়া ও চীনের সঙ্গে শক্তিশালী করছে।















