নেতানিয়াহুর নির্দেশে নতুন করে প্রাণ হারাল ২০ ফিলিস্তিনি
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের হামলা চালালো ইসরাইল
- আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 165
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট আহ্বান সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও আর্টিলারি শেলিং চালিয়ে অন্তত ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নেওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের অনুরোধ কার্যকর করেনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, “এটি ছিল এক ভয়াবহ রাত, যেখানে ইসরাইলি সেনারা শহর ও উপত্যকাজুড়ে ডজন ডজন বিমান হামলা চালিয়েছে।” তার দাবি, শুধু রাতভর বোমাবর্ষণেই অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
গাজার ব্যাপ্টিস্ট হাসপাতাল নিশ্চিত করেছে, তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে খান ইউনিসের নাসের হাসপাতালে জানানো হয়েছে, বাস্তুচ্যুত মানুষের এক শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে।
এর আগে ট্রাম্প গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তির প্রস্তাব আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেন। তবে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছিল, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি কার্যকর করা হবে। কিন্তু বাস্তবে নেতানিয়াহুর নির্দেশেই নতুন হামলা শুরু হয়।
ফিলিস্তিনি জনগণের ওপর এই নির্মম আঘাত আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—ইসরাইল কি তবে মার্কিন প্রেসিডেন্টের কথাকেও উপেক্ষা করছে?




















