নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ: তীব্র নিন্দা ও তিন দাবি
- আপডেট সময় : ১০:০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 146
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে বাংলাদেশ সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের বিবৃতিতে বলা হয়, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরে অংশগ্রহণ করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার শিকার হন আখতার হোসেন ও তাসনিম জারা। এ ঘটনাকে কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা হিসেবেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরাই নিরাপত্তা না পান, তবে বিদেশে বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসগুলোর কার্যকারিতা কোথায়? একইসঙ্গে কেন অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
এনসিপির পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে—
১. বাংলাদেশ সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক সিটি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে হবে।
২. নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ পুরো ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করতে হবে।
৩. সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সফরসঙ্গীরাও এ হামলার মুখে পড়েন, তবে হামলাকারীদের মূল লক্ষ্য ছিল এনসিপি নেতৃবৃন্দ। জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেওয়া আখতার হোসেনকে পূর্বে নির্যাতনের শিকার হতে হয়েছে, আর এখনো সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে বলেও অভিযোগ করে দলটি।
ঘটনার পর সাংবাদিকদের কাছে আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। আওয়ামী লীগ আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী সংগঠন।”
অন্যদিকে তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটি ব্যক্তি আখতার হোসেনকে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে হামলা।”
এনসিপি মনে করছে, বিদেশি মাটিতে আওয়ামী লীগের এ ধরনের হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ। দলটি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ দাবি করেছে।


















