যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন তিনি
প্রবাসীদের ভোটে আসন্ন নির্বাচনে বড় পরিবর্তন আসবে: তারেক রহমান
- আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 155
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটকে গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবাসীদের প্রতিটি ভোট ধানের শীষের বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য এখন থেকেই প্রবাসে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করতে হবে।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইল ফোনে যুক্ত হয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শুনে উপস্থিত সবাই উজ্জীবিত হন।
তারেক রহমান বলেন, “প্রায় ৫০ লাখ প্রবাসী আগামী নির্বাচনে ভোট দেবেন। ১৩ কোটি ভোটারের মধ্যে এটি একটি বড় সংখ্যা। এ ভোটগুলোকে কাজে লাগাতে হবে। এজন্য যাদের কাগজপত্র বা নির্বাচন কমিশনের ঘোষিত নথিপত্র প্রয়োজন, তাদের সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ গঠনের সময় এসেছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা হলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত।”
নিউইয়র্কে আয়োজিত এ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















