মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
ফ্লোটিলা আটক: বাংলাদেশের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি
- আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 188
বাংলাদেশ সরকার গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, আটককৃত সকল মানবিক সহায়তাকর্মী ও স্বেচ্ছাসেবীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের জঘন্য উদাহরণ।
বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্ব অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং চলমান গণহত্যামূলক আগ্রাসন ও অবরোধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ফ্লোটিলা কেবল একটি সহায়তাবাহী নৌযান নয়, বরং ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার সাধারণ মানুষ বছরের পর বছর মৌলিক অধিকার, মর্যাদা ও জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে দখলদারিত্বের কারণে। তাই এ বহরকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে তাদের অটল সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে গাজার চলমান দুর্দশার মুহূর্তে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।




















