মানবিক সহায়তার জাহাজে অংশ নেওয়া যাত্রীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে
অনির্দিষ্টকালের অনশনে গাজামুখী ফ্লোটিলার আটক অভিযাত্রীরা
- আপডেট সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 168
আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অভিযানের পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দী মানবিক কর্মীরা অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এই তথ্য নিশ্চিত করে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আটক ফ্লোটিলার কয়েকজন যাত্রী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে যাত্রা করা ৪৪টি জাহাজের প্রায় সবকটি আটক করে। এতে অন্তর্ভুক্ত ছিলেন ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন মানবিক সহায়তাকর্মী। এই ফ্লোটিলা গাজার ওপর দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করে আসছে, গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও আটক যাত্রীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরাইল প্রায় ২৪ লাখ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু।













