বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের নেতাদের শুভেচ্ছা বার্তা বিনিময়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চীন: প্রেসিডেন্ট শি জিনপিং
- আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 167
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে আসছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় এ কথা উল্লেখ করেন তিনি। শনিবার ঢাকার চীনা দূতাবাস থেকে বিষয়টি জানানো হয়।
শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বিনিময় ও বন্ধুত্বের ইতিহাস বহু পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত পাঁচ দশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তনের মধ্যেও দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ পারস্পরিক আস্থা আরও সুসংহত করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব গভীরতর হয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। এই সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।
তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি বৃদ্ধিতে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতা ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।














