লেবাননে ইসরাইলি বিমান হামলায় মেয়রসহ নিহত ৬
- আপডেট সময় : ১২:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / 194
ইসরাইল দফায় দফায় বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহরের ওপর। এই হামলায় নাবাতিয়েহর মেয়র আহমাদ কাহিলসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৩ জন।
বুধবার (১৬ অক্টোবর) আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের বিমান বাহিনী টানা ১১ বার হামলা চালায়। এ সময় শহরের পৌরসভা ভবনসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার লক্ষ্য ছিল নাবাতিয়েহ পৌরসভা এবং পৌরসভার ইউনিয়নের দুটি ভবন। ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু বেঁচে থাকা লোকের সন্ধান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাবাতিয়েহর গভর্নর হোওয়াইদা তুর্ক এএফপিকে জানান, ‘এটি একটি গণহত্যা। মেয়র আহমাদ কাহিলসহ কয়েকজন শহীদ হয়েছেন।’ তিনি আরও বলেন, মেয়র কাহিল তার দল নিয়ে পৌরসভা ভবনে প্রতিদিনের সংকট ব্যবস্থাপনার মিটিং করছিলেন।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে।
























