স্পেনে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯৫, মহাসড়কে গাড়ির স্তূপ
- আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 231
স্পেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে, যা দেশটিতে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে, এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবারের এই অতিবৃষ্টিতে বেশ কিছু ভবন ও সেতু ভেসে গেছে, ফলে বাসিন্দাদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ছাদ ও গাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আবহাওয়াবিদরা জানান, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টার ব্যবধানে এক বছরের সমপরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির গুরুতর অবস্থা দেখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
চরম আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের সন্ধানে কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসি জানায়, ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; কাসতিলা লা-মানচায় দুইজন এবং মালাগায় একজন মারা গেছেন।
এদিকে, বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, বন্যার কারণে স্পেনের মহাসড়কগুলোতে এলোমেলো গাড়ির স্তূপ জমে গেছে। দেশটির কমলা উৎপাদনের প্রধান অঞ্চল ভ্যালেন্সিয়ার খামারগুলোও বন্যার পানিতে ডুবে রয়েছে।















