ব্রিটিশ রাজনীতিতে ‘মুসলিম ফ্যাক্টর’: ১০০ আসনে স্বতন্ত্রদের জয়জয়কার
- আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 1
যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে এক নতুন রাজনৈতিক সমীকরণ পরিলক্ষিত হয়েছে। গত ৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে অন্তত ৫৭৪ জন প্রার্থী জয়ী হয়েছেন যারা সরাসরি ইসলামি মূল্যবোধ কিংবা ফিলিস্তিন ইস্যুকে তাদের প্রচারণার মূল হাতিয়ার করেছিলেন। এর মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলে শতাধিক আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র মুসলিম প্রার্থীরা, যা দেশটির প্রথাগত দ্বিদলীয় রাজনীতিতে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যান ও রাজনৈতিক মেরুকরণ
হেনরি জ্যাকসন সোসাইটির (এইচজেএস) বিশ্লেষণ অনুযায়ী, এবারের নির্বাচনে প্রতি ১০ জন বিজয়ীর মধ্যে একজনেরও বেশি প্রার্থীর রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে ছিল মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। বিজয়ী ৫৭৪ জনের মধ্যে ১৩২ জন স্বতন্ত্র হিসেবে লড়াই করেছেন। এছাড়া গ্রিন পার্টি থেকে ৩৫০ জন, লেবার পার্টি থেকে ৮৪ জন এবং লিবারেল ডেমোক্র্যাট থেকে ৬ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গাজা ইস্যু ও ভোটারদের অবস্থান
নির্বাচন বিশ্লেষকরা বলছেন, গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন প্রশ্নে ব্রিটিশ মুসলিম ও সচেতন ভোটারদের ক্ষোভ এবারের ফলাফলে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। এমনকি গ্রিন পার্টির টিকিটে নির্বাচিত মোহাম্মদ সুলেমান কিংবা ম্যানচেস্টারের শামস সৈয়দের মতো প্রার্থীরা সরাসরি গাজা ইস্যুকে প্রাধান্য দিয়েই জয় ছিনিয়ে এনেছেন। জনসংখ্যা তাত্ত্বিকভাবেও ইংল্যান্ডে মুসলিমদের প্রভাব বাড়ছে, যা বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৬.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।













