পুলিশের কঠোর ব্যবস্থা
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে তুমুল বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / 265
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করেছে। শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এই বিক্ষোভে পুলিশ শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে ‘অপহরণ করে অবৈধভাবে আটক’ করা হয়েছে, যদিও এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। শুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে গান্দাপুর কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন, যা পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে মোকাবিলা করে।
পিটিআই জানায়, ইসলামাবাদে একদিনের বিক্ষোভের পরও লাহোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লাহোরের বিক্ষোভে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তার সমর্থকদের প্রতি গর্ব প্রকাশ করেছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি আরও বলেন, পিটিআইকে পরামর্শ দেওয়া হয়েছিল, কূটনৈতিক কার্যক্রম চলাকালীন কোনো বিক্ষোভ না করতে। উল্লেখ্য, ১৫-১৬ অক্টোবর ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চীন, রাশিয়া এবং ভারতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নাকভি সতর্ক করেছেন, বিক্ষোভকারীরা এসসিও সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি জানান, “আমরা তা কোনোভাবেই হতে দেবো না। বিক্ষোভকারীরা যেন আর কোনো লাল রেখা অতিক্রম না করে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সূত্র: আল-জাজিরা























