ইরানে ইসরায়েলের হামলা: সামরিক স্থাপনায় বিস্ফোরণ
- আপডেট সময় : ০৭:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 218
ইরানে সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় তেহরান ও কারাজ শহরের আশেপাশে বেশ কিছু বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিস্তারিত তথ্য জানা যায়নি। এপির এক প্রতিবেদনে তেহরানের এক বাসিন্দার বরাতে জানানো হয়েছে যে, তেহরানে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর ফলে আশপাশের এলাকাগুলো কেঁপে উঠেছে।
শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের সামরিক স্থাপনায় বিশেষ হামলা চালাচ্ছে।
এই হামলার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, ইসরায়েল নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যা ১ অক্টোবর ইরানের হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
গত বছর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। সম্প্রতি লেবাননেও তাদের হামলা তীব্র হয়েছে। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নেতারা নিহত হন। এর প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের দিকে। এটি ছিল ছয় মাসের মধ্যে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

























