ইসরায়েলি হামলায় গাজায় আরও তিন সাংবাদিক নিহত, নিহতের সংখ্যা ১৮০
- আপডেট সময় : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / 213
গাজায় ইসরায়েলি হামলায় আরও তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে চলমান হামলায় মোট ১৮০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সম্প্রতি নিহতদের মধ্যে রয়েছেন আল-আকসা টেলিভিশনের সাঈদ রাদওয়ান, সানাদ নিউজ এজেন্সির হামজা আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হয়ে কাজ করা হানিন বারুদ।
গণমাধ্যম দপ্তর জানায়, ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা ও চলমান গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক আদালতে চাপ দিতে সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় কমপক্ষে ৪২,৮৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ, যাদের উদ্ধারকাজে জরুরি সেবা ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী পৌঁছাতে পারছে না।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
























