কংশনগরে কাভার্ডভ্যান বিকল, ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রী-চালক
- আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 224
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে আজ সকাল থেকে সৃষ্টি হয়েছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট। জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ায় মহাসড়ক পুরোপুরি আটকে পড়ে। ফলে দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে আছে শত শত গাড়ি।
ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা। মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী জানান, কংশনগর বাজার এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হয়। আজ সকালে বিকল কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
কুমিল্লা থেকে সিলেটগামী যাত্রী তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটি মাত্র দুই লেনের হওয়ায় কোনো দুর্ঘটনা বা গাড়ি বিকল হলে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে। আজ এক ঘণ্টার বেশি সময় ধরে কংশনগরে আটকে আছি।”
অটোচালক জালাল উদ্দিন জানান, সকাল ৯টার দিকে কাভার্ডভ্যান বিকল হলেও এখন পর্যন্ত সেটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, রাস্তাটি দুই লেনের হওয়ায় সামান্য দুর্ঘটনা বা যানবাহন বিকল হলে দীর্ঘ যানজট তৈরি হয়। বর্তমানে বিকল গাড়ি সরানোর কাজ চলছে।
এই মহাসড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই এমন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।













