খতমে নবুওয়ত সম্মেলনে ভিড়, শীর্ষ নেতাদের উপস্থিতি
- আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 150
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ বিশাল সমাবেশ চলে দুপুর পর্যন্ত। এতে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রখ্যাত আলেমরা অংশ নেন।
আগে বিচ্ছিন্নভাবে সম্মেলন হলেও এবারই প্রথম বড় পরিসরে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আয়োজন করা হলো। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হয়। দুপুরের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও সমাবেশে উপস্থিত হন।
মঞ্চে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতারা।
সকালের আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ছিল উপচে পড়া জনসমাগমে ভরপুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, ব্যক্তিগত যান, বাস এবং মেট্রোরেলে এসে সম্মেলনে যোগ দেন। সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে— পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান, ভারতের মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিস পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের শায়খ আব্দুর রউফ মক্কি, ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহারের অধ্যাপক ড. মুসআব নাবীল ইবরাহিম।















