মানবাধিকারকর্মী শহিদুল আলম জানালেন, সমুদ্রের প্রচণ্ড দুলুনির কারণে তিনি বমি করেছেন, তবে চিকিৎসকের তত্ত্বাবধানে এখন তিনি সুস্থ আছেন।
গাজামুখী নৌবহরে অসুস্থতা অনুভব করলেন আলোকচিত্রী শহিদুল আলম
- আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 179
গাজামুখী ত্রাণবাহী নৌবহরে অবস্থানরত বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতা অনুভব করেছেন।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রের প্রচণ্ড দুলুনির কারণে হঠাৎই তিনি বমি করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “সাগর খুবই উত্তাল। এইমাত্র বমি হলো, এখন শুয়ে আছি।”
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “বমির পরপরই সরাসরি সম্প্রচারে যাওয়া স্বাভাবিক নয়। তাই আমি মেঝেতে শুয়ে আছি। জাহাজ প্রচণ্ড দুলছিল, সেই সময়েই অসুস্থ হয়ে পড়ি এবং বমি করার জন্য একটি ব্যাগ খুঁজছিলাম। সৌভাগ্যক্রমে একটি ছোট ব্যাগ পেয়ে যাই। এতে মেঝে নোংরা হওয়া থেকে রক্ষা পায়।”
তিনি আরও জানান, জাহাজে একজন চিকিৎসক তার খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় তত্ত্বাবধান করছেন। তার ধারণা, সহযাত্রীরা তার কম্পিউটারসহ টেবিলে রাখা সরঞ্জাম মেঝেতে নামিয়ে রেখেছেন, যাতে দুলুনির কারণে পড়ে না যায়।
শহিদুল আলম বলেন, “সমুদ্র এখনো বেশ উত্তাল। তবে আমি ঠিক আছি। এটি এক ভিন্ন অভিজ্ঞতা।”













