ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে প্রবেশের সময় দুই দলের কর্মীদের মুখোমুখি অবস্থান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়
জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে উত্তেজনা
- আপডেট সময় : ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 124
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন এবং আরো কয়েকজন নাজেহাল হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করেন। একই সময়ে ৪৭ অ্যাভিনিউ এলাকায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। অপরদিকে, সড়কের অপর পাশে আওয়ামী লীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী অবস্থান নেন। পুলিশ দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ নেতা কাজি রাসেল বিএনপি সমাবেশের দিকে অগ্রসর হলে পুলিশ তাকে থামাতে চায়। কিন্তু তিনি বাধা অমান্য করে সমাবেশস্থলের কাছে গেলে বিএনপি কর্মীরা তার শার্টের কলার ধরে টানা–হেঁচড়া করেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে তাকে নিরাপদে সরিয়ে নেয়।
এ বিষয়ে নিউইয়র্ক বিএনপির এক নেতা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ এখানে পরিকল্পিত সন্ত্রাস করতে এসেছে। কাজি রাসেল আইন ভঙ্গ করে আমাদের দিকে তেড়ে এসেছেন। এ সংক্রান্ত ফুটেজ পুলিশের কাছে রয়েছে।” এরপর বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার শুরুতে সমাবেশে যোগ দিতে এলেও সংঘর্ষের খবর শুনে তিনি হোটেলে ফিরে যান এবং পরবর্তীতে সমাবেশে যোগ দেননি।
























