পাল্টা প্রতিবাদে সমন্বয়কদের বিক্ষোভের ডাক
মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
- আপডেট সময় : ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 350
চট্টগ্রামের রাজপথে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে এ মিছিলটি করা হয়। রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানার জামালখান সড়কে ৫০ থেকে ৬০ জন যুবক মিছিল বের করে। মিছিলকারীদের প্রতিবাদে শনিবার বিকেল তিনটায় জামালখান মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝটিকা মিছিলটি জামালখান মোড় থেকে চেরাগি মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলের সামনের সারিতে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা স্লোগান দেয়— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’। মিছিলের সময় কিছু মিছিলকারীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মিছিলের বিষয়ে জানার জন্য কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের সাথেও যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনও রিসিভ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “জুলাই হত্যাকাণ্ডে শহীদদের রক্তে রঞ্জিত রাজপথে স্বৈরাচারের সমর্থকরা স্লোগান দেওয়ার সাহস দেখিয়েছে। এ দুঃসাহসের বিরুদ্ধে শনিবার বিকেলে জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। তিনি দলমত নির্বিশেষে ছাত্র ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান।”


















