শেখ হাসিনার দাম্ভিক আস্ফালন: “প্রত্যেককেই শিক্ষা দিয়ে ছাড়ব”
- আপডেট সময় : ০৯:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / 303
সম্প্রতি বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, “প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়ব, আর আমি যেটা বলি, সেটা আমি করি।” এই কথোপকথনটি গোপালগঞ্জ সদর উপজেলার ছাত্রলীগের এক তরুণের সাথে ছিল, যিনি তার এলাকার সংকটময় পরিস্থিতি শেখ হাসিনার সামনে তুলে ধরেন।
তরুণটি শেখ হাসিনার সাথে কথোপকথনে জানান, যৌথ বাহিনীর অভিযানের কারণে গোপালগঞ্জে তারা আতঙ্কিত অবস্থায় আছেন। “আপা, দেশের অবস্থা খুবই খারাপ। যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাতে পারি না,” উল্লেখ করেন তিনি। এছাড়াও, তিনি জানান, বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার আয়োজন চলাকালীন ওসি এসে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
শেখ হাসিনা এই অভিযোগের জবাবে বলেন, গোপালগঞ্জের প্রশাসনে ছাত্রদল এবং শিবিরের সমর্থিত লোকজনকে বসানো হয়েছে। যখন তরুণটি স্থানীয় পর্যায়ে কোনও দিকনির্দেশনা চায়, তখন শেখ হাসিনা বলেন, “যার যার এলাকায় কাজ করো।” পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে, সরকারের বিশেষ বাহিনী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের আত্মীয়-স্বজনকে গ্রেপ্তার করবে।

তরুণটি আরও বলেন, জোর করে দলে সদস্য অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অন্যায় করছে, তাদের তালিকা প্রস্তুত করে তার কাছে পাঠাতে। “এক মাঘে শীত যায় না,” উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সময়মতো সবাইকে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, “এই সরকার আর এক মাসও টিকবে না। জামাত কয়দিন থাকবে? প্রত্যেকটার হিসাব নেব।” শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে, তাদের প্রত্যেককে শিক্ষা দিয়ে ছাড়বেন।
আরো সংবাদ












