গণতন্ত্র থামানো যাবে না: ইউনূস
- আপডেট সময় : ০৭:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 115
ভয়ভীতি দেখিয়ে বা রক্তপাত ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না—এমন দৃঢ় বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। অপপ্রচার, সন্ত্রাস কিংবা হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কখনোই সফল হবে না বলে তিনি স্পষ্ট করে জানান।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, সবাইকে সংযমী থাকতে হবে এবং গুজব বা বিভ্রান্তিকর প্রচারে কান দেওয়া যাবে না। যারা অস্থিরতা তৈরি করতে চায়, তাদের মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো এ দেশের মাটিতে ফিরে আসতে পারবে না।
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের বাকি মাত্র দুই মাস, এই সময়কে আনন্দমুখর রাখার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বিশেষভাবে তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ভয়হীন ও সচেতন তরুণরাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। তাদের রক্ষা করা গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সহিংসতা বাড়ানোর চেষ্টা করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
ভাষণের শেষভাগে প্রধান উপদেষ্টা বলেন, পুরোনো দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।
















