সময়ের চাপে অন্তর্বর্তী সরকার, রাজনীতিতে তাড়না বাড়ছে ক্ষমতা গ্রহণের
- আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / 189
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমান সরকারের হাতে সময় সীমিত, আর রাজনীতিবিদদেরও ক্ষমতায় যাওয়ার তাড়া রয়েছে। একইসঙ্গে তারাও আগের পেশায় ফিরে যেতে চাচ্ছেন। শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ফাওজুল কবির খান বলেন, অন্তর্বর্তী সরকার কোনো কায়েমী স্বার্থের প্রতি দায়বদ্ধ নয়। এটি জনগণের জন্য একটি আমানত, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচের সময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকারের আর্থিক পরিস্থিতি ছিল চ্যালেঞ্জিং, কোষাগারে পর্যাপ্ত অর্থ এবং বৈদেশিক মুদ্রার সংকট ছিল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অবকাঠামো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এ নিয়ে মানুষের অসন্তোষ ছিল প্রচুর।
এছাড়া, জনগণের প্রয়োজনের সঙ্গে উন্নয়নকে সম্পৃক্ত করার জন্য নানা প্রকল্পের ব্যাপারে মানুষের মতামত নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ওপর নির্ভর না করে অন্তর্বর্তী সরকার সেবামূলক নীতির ভিত্তিতে পরিচালিত হবে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ কার্যক্রম চালানোই সরকারের মূল লক্ষ্য।















