ট্রাম্পকে অভিনন্দন জানালেন ইমরান খান
- আপডেট সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / 185
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন।

ইমরান খানের পোস্টে লেখা হয়েছে, “ইমরান খান এবং পিটিআই-এর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। নানা বাধা ও প্রতিকূলতার পর মার্কিন জনগণের ইচ্ছা প্রস্ফুটিত হয়েছে।” এই বার্তার মাধ্যমে মার্কিন জনগণের প্রতি তার সমর্থন এবং সম্মান প্রকাশ করেছেন ইমরান খান।
এছাড়া, ইমরান খানের পক্ষে পিটিআই নেতা জুলফি বুখারিও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এই সময়টা ভবিষ্যতের দিকে তাকানোর এবং নতুন সম্ভাবনার। আমরা আশাবাদী যে এই নতুন অধ্যায়টি বিশ্বব্যাপী সমস্যাগুলোর সমাধানে দৃঢ় পদক্ষেপের সূচনা করবে।”
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক অভিনন্দন বার্তায় বলেন, “আমেরিকার জনগণ ট্রাম্প এবং তার দলকে একটি অসাধারণ বিজয় উপহার দিয়েছে।”

























