৪৯ প্রভাবশালী ব্যক্তিকে আজ আদালতে হাজির করা হবে
- আপডেট সময় : ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 199
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, মেয়র, সংসদ সদস্যসহ প্রভাবশালী ৪৯ জন ব্যক্তিকে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া ১৪৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র মতে, কারাগার কর্তৃপক্ষকে আসামিদের আদালতে হাজির করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের লালবাগ জোনে অতিরিক্ত পুলিশ সদস্য চেয়ে অনুরোধ জানানো হয়েছে এবং ডিএমপির প্রসিকিউশন বিভাগও নিরাপত্তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, এনএসআই-এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা।
আতিকুল ইসলামকে ১৩টি মামলা, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ১৬টি মামলা, কামাল আহমেদ মজুমদারকে ১২টি মামলা, জুনাইদ আহমেদ পলককে ১০টি মামলা, আনিসুল হককে ৯টি মামলা, সালমান এফ রহমানকে ৪টি মামলা, দীপু মনিকে ৫টি মামলা, রাশেদ খান মেনন ও আব্দুর রাজ্জাককে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, “লালবাগ জোনের সঙ্গে সমন্বয় করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন থাকবে।”

























