যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ভারতের চার প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 188
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ৪০০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (৩০ অক্টোবর) মার্কিন ট্রেজারি বিভাগের এই নিষেধাজ্ঞার তালিকায় চারটি ভারতীয় প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে।
এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার মতে
ভারতের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’, যারা ২০২৩ থেকে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে রাশিয়াভিত্তিক সংস্থাগুলোতে ৭০০টিরও বেশি চালান পাঠিয়েছে। এসব চালানে ২ লাখ ডলারের বেশি মূল্যের ‘বিশেষ প্রযুক্তি’ আইটেম ছিল, যেখানে যুক্তরাষ্ট্রে উৎপাদিত বিমানের উপাদানও অন্তর্ভুক্ত ছিল।
আরেকটি নিষেধাজ্ঞায় আনা প্রতিষ্ঠান
‘মাস্ক ট্রান্স’ যারা ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত রাশিয়ার এস ৭ ইঞ্জিনিয়ারিং এলএলসিকে ৩ লাখ ডলারেরও বেশি মূল্যের বিমানের উপাদান সরবরাহ করেছে।
এছাড়াও
‘টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেড’ নামক আরেক ভারতীয় সংস্থা রাশিয়াভিত্তিক সংস্থাগুলোতে প্রায় ৪৩ হাজার ডলারের প্রযুক্তি সরবরাহ করেছে। চতুর্থ প্রতিষ্ঠান ‘ফুত্রেভো’ রাশিয়ার বিশেষ প্রযুক্তি কেন্দ্রে ১.৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ‘বিশেষ প্রযুক্তি’ পাঠিয়েছে।
রয়টার্সের মতে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় চীন, হংকং, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের বহু প্রতিষ্ঠান ও ব্যক্তিও অন্তর্ভুক্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, “এই পদক্ষেপে সংশ্লিষ্ট দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতে কঠোর বার্তা যাবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখার মাধ্যমে আমরা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে বদ্ধপরিকর।”
















