সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে – নাটোরে দুলু
- আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 137
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বজলুর রহমান।
দুলু বলেন, বিএনপি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দলকে শক্তিশালী ও গতিশীল করতে ছোট-বড় সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দলের বিজয় ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে বিএনপি আরও শক্তিশালী হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে।
দুলু অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনও ভোট দিতে পারেনি। এবার তারা প্রথমবারের মতো ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। তাই তরুণদের কাছে ধানের শীষের কর্মীদের পৌঁছাতে হবে, প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।



















