ইসির অনড় অবস্থান সত্ত্বেও শাপলা প্রতীকে অনড় জাতীয় নাগরিক পার্টি
এনসিপি শাপলাই পাবে: হাসনাত আব্দুল্লাহ
- আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 105
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাই প্রতীক হিসেবে পাবে বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, শাপলা প্রতীক ইসির বিধিমালায় অন্তর্ভুক্ত নয়। তাই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক সরাসরি দেওয়ার সুযোগ নেই।
আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না নিলে কমিশন নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এনসিপির অনড় অবস্থান
ইসির বক্তব্য সত্ত্বেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই অনড় রয়েছে। দলটি একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, শাপলা প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না।
ইসির সিদ্ধান্ত ও প্রেক্ষাপট
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি।
৩০ সেপ্টেম্বর ইসি ৫০টি প্রতীক থেকে বেছে নিতে এনসিপিকে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেয়। কিন্তু নির্ধারিত সময় শেষে দলটি শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় থাকে।
ইসি এ বিষয়ে অনড় থেকে জানায়—শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
সময়ই বলবে ফলাফল
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “এনসিপি শাপলা চাইছে, কিন্তু তালিকায় না থাকায় দিতে পারিনি। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “এটা তাদের ব্যাপার, সময়ই বলে দেবে কী হয়।”

























