সেনা ও নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে আগুন নিয়ন্ত্রণে যৌথ অভিযান
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট
- আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 75
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এতে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে অবস্থিত একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনীর ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, বিমানবন্দরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সবাই সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে নামেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে। যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

























