আসন্ন নির্বাচনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: সিইসি
- আপডেট সময় : ০১:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 60
বাংলাদেশ এখন এক সংকটময় সময়ে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করবে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এ বক্তব্য দেন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সহায়তা ছাড়া কখনোই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ কর্মকর্তা ও সদস্য যুক্ত থাকবেন। ভোটারদের সুবিধার্থে জেলখানায় থাকা বন্দী এবং প্রবাসীদের জন্যও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে, যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী। তাই দায়িত্ব পালনে তাদের আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও সচেতন হতে হবে।
তিনি এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, তথ্য বিকৃতি ঠেকাতে সচেতনতা বাড়ানোই হতে পারে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অন্যতম উপায়।

























