এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারবেন
- আপডেট সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 148
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাধারণ প্রার্থীদের জন্য মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য এই মূল্য কমিয়ে রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা। তিনি বলেন, “আমরা চাই সবাইকে সুযোগ দিতে, তাই এই ভিন্ন মূল্য কাঠামো রাখা হয়েছে।”
তিনি আরও জানান, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ১৫ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, “বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতোমধ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। তবে এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং নীতিনিষ্ঠ রাজনৈতিক ঐক্য।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। তিনি জানান, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য তিনটি সুবিধা দেওয়া হয়েছে—
সরাসরি কেন্দ্রীয় কার্যালয় থেকে,
অনলাইনে আবেদন ও জমাদান,
দলীয় মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।
তিনি বলেন, “প্রার্থীরা এখন অনলাইনে সহজে ফরম পূরণ ও জমা দিতে পারবেন, যা সময় ও খরচ দুই-ই বাঁচাবে।”















