শঙ্কা নেই, উৎসব হবে নিশ্চিদ্র পাহারায়
- আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 20
আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে কোনো ধরণের নাশকতার ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ। সোমবার সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি জানান, দেশজুড়ে উৎসবের আমেজ বজায় রাখতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়
রাজধানীর রমনা বটমূল, শাহবাগ, টিএসসি এবং মানিক মিয়া অ্যাভিনিউসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেকপোস্ট ও মোবাইল টহলের পাশাপাশি ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল কমান্ডো ফোর্স।
নজরদারি যখন আকাশ ও সাইবার পথে
মাঠ পর্যায়ের নিরাপত্তার পাশাপাশি ভার্চুয়াল জগতেও কড়া নজরদারি করছে র্যাব। গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম। এছাড়া ড্রোনের মাধ্যমেও গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
নারী ও শিশুদের সুরক্ষা
উৎসবে আসা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভটিজিং বা যেকোনো ধরণের হয়রানি রোধে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক সকলকে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা একটি সুন্দর উৎসব নিশ্চিত করবে।


























