বদলে যাওয়ার নতুন রোডম্যাপ
- আপডেট সময় : ০৯:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 8
দীর্ঘদিনের অচলায়তন ভেঙে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে নতুন এক যাত্রা শুরু হয়েছে বগুড়া থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বগুড়া সফরের মাধ্যমে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। বিগত সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং দুর্নীতি রোধ করে সেই সম্পদ জনকল্যাণে ব্যবহারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার দুপুরে বগুড়ার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৯১১ জন নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন ডা. জোবাইদা রহমান। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে দেশের প্রায় চার কোটি মায়ের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, বর্তমান প্রেক্ষাপটে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের লক্ষ্যে প্রধানমন্ত্রী পুনরায় খনন করলেন শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘চৌকির ঘাট’ খাল। এই খাল খনন প্রকল্পের মাধ্যমে মাছ চাষ, বৃক্ষরোপণ এবং সবজি চাষের সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন ও ই-বেইল বন্ড সেবার উদ্বোধনসহ বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময়কালে তিনি বলেন, অতীতে উন্নয়নের কেন্দ্রবিন্দু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকলেও, এখন সারা দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যেই ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং পর্যায়ক্রমে নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
























