পর্দার আড়ালে কী ঘটছে? ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র তিন জনপদ
- আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 1
রাজধানী ঢাকাসহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত পাবনার ঈশ্বরদী, কুমিল্লার পলিটেকনিক ক্যাম্পাস এবং ঢাকার শাহবাগে এই রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে। মূলত চট্টগ্রামের একটি ঘটনার রেশ ধরে সারা দেশে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
শাহবাগে থানার ভেতরেই হামলা
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শাহবাগ থানার সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে ডাকসুর সাবেক দুই নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হামলার শিকার হন। আত্মরক্ষার্থে তারা থানার ভেতরে আশ্রয় নিলেও অভিযোগ উঠেছে যে, ছাত্রদলের কর্মীরা থানার ভেতরে ঢুকে মোসাদ্দিকের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
কুমিল্লা পলিটেকনিকে আহত ১০
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘গুপ্ত শিবির’ বলাকে কেন্দ্র করে নাফিস আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে চড় মারার ঘটনায় সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যায় এ নিয়ে অধ্যক্ষের কক্ষে বিচারের দাবি জানায় শিবির। সেখানে তাৎক্ষণিক বিচার পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের লড়াইয়ে রূপ নেয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঈশ্বরদীতে ককটেল ও গুলিবর্ষণ
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে দুপুরে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে ছাত্রদল ও শিবিরের সংঘাতের সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা পুরো ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে। ছাত্রদলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘সাধারণ শিক্ষার্থীদের দ্বন্দ্ব’ বলা হলেও শিবিরের দাবি—পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
উত্তেজনার নেপথ্যে ‘গুপ্ত’ লিখন
গত মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ‘গুপ্ত লিখন’ নিয়ে দুই পক্ষের সংঘাতের পর থেকেই দেশজুড়ে অস্থিরতা বাড়ছে। চট্টগ্রামের সেই ঘটনার জেরেই মূলত ঈশ্বরদী, কুমিল্লা ও ঢাকার এই সিরিজ সংঘর্ষ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: আমার দেশ


























