শহীদ আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন
- আপডেট সময় : ১০:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / 251
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত অংশে পাস করেছেন। এনটিআরসিএ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, শহীদ আবু সাঈদ স্কুল ২-এর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সাঈদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহপাঠী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহকর্মীরা আবেগঘন পোস্ট করছেন। তারা তার স্মৃতিচারণ করে বিভিন্ন পোস্টে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন ফেসবুকে এক পোস্টে লেখেন, “১১ তারিখে ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধনের লিখিত পরীক্ষা। তিনি আমাদের বলেছিলেন, ‘পরীক্ষা দেব কি না, কিছুই পড়িনি আন্দোলনের কারণে।’ আমরা তাকে বলেছিলাম, ভাই, পরীক্ষা দিয়ে আসেন, বিকেলে মিটিং করব। ছাত্রলীগের নির্যাতনের মধ্যেও তিনি ১২ তারিখ পরীক্ষায় অংশ নেন। আজ ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু সাঈদ ভাই আমাদের মধ্যে নেই। আমরা শুধু একজন মেধাবী শিক্ষার্থীকেই হারাইনি, হারিয়েছি আমাদের একজন সংগ্রামী সহযোদ্ধাকে।”
গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।























